কুমিল্লার চান্দিনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ ও পথসভায় অংশ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আকস্মিক মৃত্যু হয়েছে বিএনপি নেতা সাইফুল ইসলাম খোকনের।
সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের নির্বাচনী প্রার্থিতার কথা জানিয়ে শুহিলপুর ইউনিয়নে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে দিনভর প্রচারণা চালান তিনি। ওই দিন সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত একটি পথসভায়ও বক্তব্য দেন। তবে রাতেই হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহসভাপতি ছিলেন। কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় ভোটার ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন তিনি।
সোমবার দিনভর বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন খোকন। সন্ধ্যায় শালিখা বাজারের পথসভায় নিজের প্রার্থিতার বিষয়ে আত্মবিশ্বাসের কথা জানান তিনি। সেখানে দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
দিনের কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান তিনি। এরপর ঘুমানোর প্রস্তুতির সময় রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের আরেকটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত আনুমানিক দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে জানান তার মেজ ছেলে সাঈদ।
তার আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ চান্দিনার রাজনৈতিক অঙ্গনে শোকের পরিবেশ তৈরি হয়েছে। স্বজন, সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
মঙ্গলবার সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি. উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন শোক প্রকাশ করেন। তিনি বলেন, তার মরহুম পিতার সময় থেকেই সাইফুল ইসলাম খোকন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলের রাজনীতিতে খোকন তার কয়েকজন অভিভাবকের একজন ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
আতিকুল আলম শাওন আরও বলেন, খোকনের মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে একটি গুরুত্বপূর্ণ শূন্যতা তৈরি হয়েছে।