সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন ঢাকা-৮ আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর তিনি সংসদে উপস্থিত হন। পরে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বক্তব্যের একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এই সংসদ সদস্য।
শারীরিক অসুস্থতার কারণে দাঁড়িয়ে বক্তব্য না দিয়ে বসেই বক্তব্য দেন মির্জা আব্বাস। তিনি বলেন, দীর্ঘ সময় পর জাতীয় সংসদের এই কক্ষে আবার কথা বলার সুযোগ পাওয়া তাঁর জন্য আনন্দ, গর্ব ও সৌভাগ্যের বিষয়।
মির্জা আব্বাস জানান, তাঁর চিকিৎসা এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তবে চিকিৎসাধীন অবস্থার মধ্যেই সংসদের প্রতি দায়িত্ববোধ, ভালোবাসা ও আবেগ থেকে তিনি অধিবেশনে যোগ দিয়েছেন।
তিনি বলেন, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহান আল্লাহর কাছে সুস্থতা ও শক্তি কামনা করে তিনি বলেন, নির্বাচনি এলাকার মানুষের পাশাপাশি পুরো দেশের মানুষের জন্য জীবনের বাকি সময়টুকু নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চান।
নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে মির্জা আব্বাস বলেন, ২০০৬ সালের পর দীর্ঘ বিরতি শেষে আবারও জাতীয় সংসদের এই কক্ষে কথা বলার সুযোগ পেয়েছেন। সংসদে ফিরে আসার দিনটিকে তিনি তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম আবেগঘন ও স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন।
বক্তব্যের সময় তাঁর আবেগঘন হয়ে পড়ার ঘটনায় সংসদে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্যসমূহ