দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। এ সময় স্পিকার তাকে স্বাগত জানান। পরে সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান।
এর আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরবর্তী সময়ে তাকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় নেওয়া হয়।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফেরেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। অধিবেশন শুরুর আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এবং পরবর্তী সময়ে বিদেশে চিকিৎসাধীন থাকায় সংসদের আগের অধিবেশনগুলোতে উপস্থিত হতে পারেননি মির্জা আব্বাস। এ কারণে রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দেওয়ার সুযোগ পাননি তিনি।
ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
মন্তব্যসমূহ