বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অর্থ, শ্রম ও মেধা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
তিনি বলেন, দেশের জন্য প্রবাসীদের অবদান ও ভূমিকা জাতি দীর্ঘদিন মনে রাখবে।
সাক্ষাতে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিরা বিমানবন্দরে হয়রানি বন্ধ, ভোটাধিকার নিশ্চিত করা এবং ব্যবসায়িক ও নাগরিক বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
জবাবে রাষ্ট্রপতি জানান, প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি কমানো, ভোট দেওয়ার সুযোগসহ নাগরিক সুবিধা বাড়ানোর বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করতে প্রবাসী কার্ড চালুর কথাও উল্লেখ করেন তিনি।
এ সময় রাষ্ট্রপতি প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।
মন্তব্যসমূহ