পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।
সেন্টকমের দাবি, এম/ভি ভেলা নোভা নামের জাহাজটি সতর্কবার্তা উপেক্ষা করে ইরানের একটি বন্দরের দিকে এগিয়ে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, জাহাজটি ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল।
এ সময় মার্কিন বাহিনী জাহাজটিকে থামাতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পর জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে।
সেন্টকম আরও জানিয়েছে, ১১ আগস্ট পর্যন্ত ইরানের দিকে যাওয়ার চেষ্টা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া নির্দেশনা না মানায় তিনটি জাহাজকে অকার্যকর করা হয়েছে এবং আরও দুটি জাহাজে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ তৎপরতা বাড়ার মধ্যে এ ঘটনা ঘটল। হরমুজ প্রণালী ও আশপাশের জলসীমায় জাহাজ চলাচল নিয়ে চলমান উত্তেজনার কারণে অঞ্চলটির সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।
সূত্র: সেন্টকম
মন্তব্যসমূহ