নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গতকাল রোববার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপির সদস্যরা জানতে পারেন, কতিপয় মাদককারবারি মিয়ানমার থেকে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার করবে। এর ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান আশিকের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল রাত আনুমানিক ১১টার দিকে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান শুরু করে।
অভিযানের ধারাবাহিকতায় সোমবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে সীমান্ত পিলার-৩১-এর নিকটবর্তী নয়াপাড়া এলাকায় কয়েকজন চোরাকারবারিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারিরা একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গোলাবারুদ ও ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে এসব সামগ্রী মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি বলেন, কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিজিবির এ ধরনের কার্যকর তৎপরতায় সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা আরও সুদৃঢ় হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।