জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় সাবেক উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাব সদস্যরা তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করে। আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, মো. আব্দুল ওয়াহেদ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক ছিলেন। এছাড়া তিনি ২০২০-২১ সালে মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ থানায় দায়ের করা সাতটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
স্থানীয় সূত্রের দাবি, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতিসহ উপজেলার কয়েকটি সমবায় প্রতিষ্ঠান উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। পরে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ হয়ে গেলে বহু আমানতকারী আর্থিক ক্ষতির মুখে পড়েন। ক্ষতিগ্রস্তরা এ ঘটনায় একাধিক মামলা দায়ের করার পাশাপাশি দীর্ঘদিন ধরে আমানতের অর্থ ফেরতের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।
এদিকে, জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সাত্তার জানিয়েছেন, মো. আব্দুল ওয়াহেদের সঙ্গে বর্তমানে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তার দাবি, তাকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, র্যাবের কাছ থেকে আসামিকে বুঝে নেওয়ার পর আদালতে পাঠানো হয় এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।