ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) অভিযোগ করেছেন, জুলাই সনদ বাস্তবায়নে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তিনি বলেন, যে লক্ষ্য ও প্রত্যাশা সামনে রেখে মানুষ জীবন উৎসর্গ করেছে, তা বর্তমানে উপেক্ষিত হচ্ছে।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে রেজাউল করীম বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। তার দাবি, এ বিষয়ে কার্যকর উদ্যোগেরও কোনো সুস্পষ্ট লক্ষণ দৃশ্যমান নয়।
সমাবেশে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের উদ্দেশ্যে হয়নি; বৈষম্য ও শোষণমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই জনগণ আন্দোলনে অংশ নিয়েছিল। তবে প্রত্যাশিত পরিবর্তন না এসে অতীতের শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বর্তমান পরিস্থিতির পরিবর্তন না হলে নতুন কর্মসূচি ও আন্দোলনের পথে যাওয়ারও হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।
সমাবেশ শেষে রাজধানীতে একটি গণমিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।