জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর এর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন তিনি। ফলক উন্মোচনের পর সূরা ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করেন। এ সময় তিনি সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও বিভিন্ন স্মারক ঘুরে দেখেন এবং জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও ইতিহাস সম্পর্কে অবহিত হন।
প্রধানমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে ছিলেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে আগামী বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হবে।