জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যম দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচির সরাসরি সম্প্রচার করছে।
বিটিভির প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, বিকেল ৪টা ৫ মিনিটে কবিতা আবৃত্তির একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে বহুল আলোচিত ‘আয়নাঘর’ নিয়ে নির্মিত একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ তুলে ধরা হবে।
সন্ধ্যা ৭টায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে কবিতা আবৃত্তির আরেকটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। রাত ৮টা ৫০ মিনিটে গণঅভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার বিষয়ক একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার করবে বিটিভি।
রাত ১০টায় নাচ, গান ও আলোচনার সমন্বয়ে নির্মিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচার করা হবে। এছাড়া রাত ১১টায় দিবসটির তাৎপর্য নিয়ে আরও একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে।
এসব আয়োজনের পাশাপাশি সারাদিন জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক বিভিন্ন তথ্যচিত্র, ফিলার ও বিশেষ ভিডিও সম্প্রচার করা হবে। একই সঙ্গে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভা সরাসরি সম্প্রচার করবে বিটিভি।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।