জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। একই সঙ্গে তিনি জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ৫ আগস্টের সরকারি কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
আহমেদ আযম খান বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, ৫ আগস্ট শুধু শোকের দিন নয়, এটি একই সঙ্গে বিজয় ও নতুন প্রত্যয়ের দিন। দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম ও রক্তক্ষয়ের পর এদিন দেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।
দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলনে থাকা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতি ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি তৈরি হলে জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও অর্জন বাধাগ্রস্ত হতে পারে।
তিনি আরও বলেন, বিএনপি সরকারের মাধ্যমে দেশে পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হয়েছে। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেন।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, সরকার জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের ভুলে যায়নি। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সরকারের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান দিবসের আয়োজনের অংশ হিসেবে ৫ আগস্ট ভোরে শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।