মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা-সংক্রান্ত ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে কাতার। একই সঙ্গে পরিকল্পনার আওতায় ইসরায়েলের প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে দোহা।
মঙ্গলবার (৪ আগস্ট) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের বেশ কিছু বাধ্যবাধকতা এখনো বাস্তবায়িত হয়নি। তিনি জানান, মধ্যস্থতাকারীরা চুক্তির দ্বিতীয় ধাপ দ্রুত কার্যকর করতে কাজ করছেন এবং এ ক্ষেত্রে নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ।
আল-আনসারির দাবি, হামাস তাদের দায়িত্ব পালন করেছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে চাপ প্রয়োগ করা।
তিনি আরও অভিযোগ করেন, চুক্তি বাস্তবায়নে কে বাধা দিচ্ছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্ট এবং এ বিলম্বের সম্পূর্ণ দায় ইসরায়েলের। সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলের সামরিক হামলা বৃদ্ধি শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টাকে ব্যাহত করছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ পর্যন্ত হামাস সেই শর্তে সম্মতি দেয়নি।
সূত্র: টাইমস অব ইসরায়েল