জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য গত ছয় বছর সাত মাসে নির্বাচন কমিশনে প্রায় ৬৪ লাখ আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৯৮ শতাংশ আবেদন নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের শুরু থেকে ২০২৬ সালের ২ আগস্ট পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য মোট ৬৩ লাখ ৭৮ হাজার ৭৩০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৬২ লাখ ৩০ হাজার ৫৯২টি আবেদন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৪০ লাখ ৬১ হাজার ১৪৬টি আবেদন অনুমোদন করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বিভিন্ন অসংগতি ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতিসহ নানা কারণে ১২ লাখ ৯৫ হাজার ৪৫৪টি আবেদন বাতিল বা প্রত্যাখ্যান করা হয়েছে। বর্তমানে ১ লাখ ৪৭ হাজার ৭৭৮টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নাগরিকেরা সাধারণত নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম, ঠিকানা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য পরিবর্তন বা সংশোধনের জন্য আবেদন করেন। অধিকাংশ আবেদন উপজেলা নির্বাচন কার্যালয়ে নিষ্পত্তি হলেও জটিল আবেদন জেলা, আঞ্চলিক কিংবা ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়।
এনআইডি সংশোধনের আবেদন ছয়টি ক্যাটাগরিতে ভাগ করে নিষ্পত্তি করা হয়। এর মধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তার আওতাধীন ‘ক’ ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ৪১ লাখ ২৭ হাজার ৯৩৭টি আবেদন জমা পড়েছে। এটি মোট আবেদনের প্রায় ৬৫ শতাংশ।
সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তার এখতিয়ারভুক্ত ‘খ’ ক্যাটাগরিতে আবেদন পড়েছে ১২ লাখ ৪৩ হাজার ৮৪৬টি। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ‘গ’ ক্যাটাগরিতে ৬ লাখ ২ হাজার ৭১৭টি এবং এনআইডি মহাপরিচালকের অধীন ‘ঘ’ ক্যাটাগরিতে ১ লাখ ৫৫ হাজার ৪৮৮টি আবেদন জমা হয়েছে।
এ ছাড়া সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার ‘ক-১’ ক্যাটাগরিতে ১ লাখ ৩৮ হাজার ৩৭২টি এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার ‘খ-১’ ক্যাটাগরিতে ১ লাখ ১০ হাজার ১০টি আবেদন জমা পড়ে।
স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর অনুযায়ী আবেদনের জটিলতা ও তথ্য পরিবর্তনের ধরন বিবেচনা করে ‘ক’, ‘ক-১’, ‘খ’, ‘খ-১’, ‘গ’ ও ‘ঘ’ ক্যাটাগরি নির্ধারণ করা হয়। অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা আবেদন যাচাই করে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে পাঠান।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, চাকরির আবেদন, বিদেশযাত্রা ও অন্যান্য জরুরি প্রয়োজনে নাগরিকেরা দ্রুত এনআইডি সংশোধনের আবেদন করেন। আবেদনে যৌক্তিক ও জরুরি কারণ থাকলে অগ্রাধিকার ভিত্তিতে তা নিষ্পত্তির চেষ্টা করা হয়।
এনআইডি সংশোধনসেবা আরও সহজ ও দ্রুত করতে চার সদস্যের একটি কমিটিও গঠন করেছে নির্বাচন কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালককে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ইসির হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।