ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার পথে এগোচ্ছে। দুই দেশের অংশীদারত্ব সম্প্রসারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কাজ করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারাহ কুক জানান, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হওয়া আলোচনার ধারাবাহিকতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও দুই পক্ষ বিস্তারিত আলোচনা করেছে। বিষয়টিকে বাংলাদেশ ও যুক্তরাজ্য যৌথ অগ্রাধিকারের জায়গা থেকে দেখছে। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক মনোযোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। দুই দেশই মনে করে, সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। আজকের আলোচনার ভিত্তিতে আগামী সপ্তাহগুলোতে সংশ্লিষ্ট বিষয়ে ফলোআপ কার্যক্রম চলবে।