চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাদুরতলা এলাকার বাসিন্দা ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হাসিনা বেগম একটি লোহার মই ব্যবহার করে বাড়ির ছাদে উঠছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে থাকা মইয়ের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন আশা খাতুন ও তার মেয়ে মিম আক্তার। এ সময় তারাও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বারোঘরিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্যসমূহ