বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি লিওনেল মেসিদের। ফাইনালের পর এবার ফিফা র্যাংকিংয়েও বড় পরিবর্তনের মুখে পড়েছে বর্তমান রানার্সআপ দলটি।
নতুন হালনাগাদ র্যাংকিংয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ১৯৯৫.৮৮ পয়েন্ট নিয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ী স্পেন এখন ফিফা র্যাংকিংয়ের এক নম্বর দল।
অন্যদিকে, ১৯৭০.৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের শুরুতে শীর্ষে থাকা দলটি টুর্নামেন্ট চলাকালে একবার শীর্ষস্থান হারালেও পরে আবার তা ফিরে পেয়েছিল। তবে ফাইনালে পরাজয়ের পর এবার স্পেনের কাছে সেই জায়গা হারাতে হলো।
র্যাংকিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। তাদের পয়েন্ট ১৯৪৮.৯৭। এরপর চতুর্থ স্থানে ইংল্যান্ড (১৯২২.৩৮), পঞ্চম স্থানে ব্রাজিল (১৮০৪.৯২) এবং ষষ্ঠ স্থানে মরক্কো (১৮০৩.৯৯) রয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে র্যাংকিংয়ে পরিবর্তন আসলেও পরবর্তী নির্ধারিত সময়ের আগে নতুন করে আর কোনো আপডেট হবে না। ফলে আগামী ৭ অক্টোবর পর্যন্ত বর্তমান অবস্থানই বহাল থাকবে।