২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের শিরোপা উদযাপনের সময় পুরস্কার বিতরণী মঞ্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে তৈরি হয়েছে আলোচনা।
ফাইনাল শেষে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চে অবস্থান করেন ট্রাম্প। এ সময় স্পেনের খেলোয়াড়রা শিরোপা উদযাপনের প্রস্তুতি নিলেও তিনি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকেন।
ফাইনালের শুরুতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিআইপি গ্যালারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে ম্যাচ উপভোগ করেন ট্রাম্প। স্টেডিয়ামের বড় পর্দায় তাকে দেখানো হলে দর্শকদের একটি অংশ শিস ও বিদ্রুপের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়।
ম্যাচ শেষে ইনফান্তিনোর সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে ওঠেন ট্রাম্প। পরে দুই দলের খেলোয়াড়দের হাতে পদক তুলে দেওয়ার পাশাপাশি স্পেনের অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন তিনি।
ট্রফি দেওয়ার পর স্পেনের খেলোয়াড়রা উদযাপনের প্রস্তুতি নিলেও ট্রাম্প মঞ্চে থেকে যান। ফিফার কর্মকর্তারা তাকে কিছুটা সরে দাঁড়ানোর অনুরোধ করেন। পরে তিনি কিছুটা জায়গা ছেড়ে দিলেও পুরোপুরি মঞ্চ ত্যাগ করেননি।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাকে মঞ্চ থেকে সরানোর চেষ্টা করেন বলে জানা যায়। তবে শেষ পর্যন্ত ট্রাম্প খেলোয়াড়দের কাছেই অবস্থান করেন এবং উদযাপনের মুহূর্তের অংশ হন।
এর আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও চেলসির শিরোপা উদযাপনের সময় ট্রাম্পকে মঞ্চে অবস্থান করতে দেখা গিয়েছিল। ওই সময়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।