যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স চতুর্থ সন্তানের জন্মের খবর জানিয়েছেন।
রোববার (১৯ জুলাই) মেরিল্যান্ডের বেথেসডায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তাদের পুত্রসন্তানের জন্ম হয়।
এক যৌথ বিবৃতিতে ভ্যান্স দম্পতি জানান, তাদের নবজাতক ছেলে অ্যালেক নিল ভ্যান্স সুস্থ আছে এবং মা উষা ভ্যান্সও ভালো আছেন। পরিবারের অন্য সন্তানরাও নতুন ভাইকে পেয়ে আনন্দিত বলে তারা উল্লেখ করেন।
জেডি ভ্যান্স ও উষা ভ্যান্সের পরিচয় হয় ইয়েল ল’ স্কুলে পড়ার সময়। ২০১৩ সালে তারা সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন।
এর আগে এই দম্পতির তিন সন্তান রয়েছে। ২০১৭ সালে তাদের প্রথম ছেলে ইওয়ান, ২০২০ সালে দ্বিতীয় ছেলে বিবেক এবং ২০২১ সালে কন্যা মিরাবেলের জন্ম হয়। এবার পরিবারে যোগ হলো চতুর্থ সন্তান অ্যালেক নিল ভ্যান্স।
হোয়াইট হাউস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দায়িত্বে থাকা কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্টের পরিবারে ১৫০ বছরেরও বেশি সময় পর সন্তানের জন্ম হলো। এর আগে ১৮৭০ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্সের দায়িত্ব পালনকালে তার পরিবারের এক সন্তানের জন্ম হয়েছিল।
জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রে কমে যাওয়া জন্মহার নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তিনি বিভিন্ন সময় পরিবার বৃদ্ধি ও বেশি সন্তান নেওয়ার বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন।
এদিকে, সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার পরিবারেও নতুন সন্তানের আগমন ঘটেছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ