বাংলাদেশের ই-পাসপোর্ট বুকলেটে বড় ধরনের নকশাগত পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন ডিজাইনে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন নিদর্শন জলছাপ হিসেবে যুক্ত করা হবে।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের অনুমোদনের পর ই-পাসপোর্ট বুকলেটের বর্তমান নকশার বিভিন্ন ছবি পুনর্বিন্যাস করে নতুন ডিজাইন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নকশার ৪৮ ও ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্টে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সম্পদের ছবি জলছাপ হিসেবে ব্যবহার করা হবে।
নতুন ডিজাইনে জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, শহীদ মিনার, সুপ্রিম কোর্ট, লালবাগ দুর্গ, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ষাটগম্বুজ মসজিদ, পানাম নগর, কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান স্থান পাবে।
এছাড়া জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, রয়েল বেঙ্গল টাইগার, ইলিশ মাছ, চা-বাগান, আমবাগানসহ বাংলাদেশের পরিচিত বিভিন্ন প্রতীক ও প্রাকৃতিক সম্পদের চিত্রও যুক্ত করা হবে।
নতুন সংযোজনের মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ শিরোনামে একটি জলছাপ এবং শিল্পী জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ই-পাসপোর্টের আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রেখে নতুন ডিজাইন বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তবে নতুন নকশার ই-পাসপোর্ট কবে থেকে ছাপানো ও বিতরণ শুরু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তুতি শেষে ধাপে ধাপে নতুন ডিজাইনের পাসপোর্ট চালু করা হবে বলে জানা গেছে।
মন্তব্যসমূহ