রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই যাত্রীর সন্ধান পাওয়া গেছে। তারা সাঁতরে নদীর অপর পাড়ে উঠে নিরাপদে আছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার (১৯ জুলাই) সকালে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে ১০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর আটজন তীরে উঠতে সক্ষম হন। বাকি দুইজন নিখোঁজ থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, নিখোঁজ দুই যাত্রী ট্রলার থেকে পড়ে যাওয়ার পর সাঁতরে নদীর অন্য পাড়ে উঠে যান। তাদের কাছে মোবাইল ফোন না থাকায় তারা সরাসরি যোগাযোগ করতে পারেননি। পরে পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে বিষয়টি জানান।
ট্রলারের মালিক ফায়ার সার্ভিসকে দুই যাত্রীর নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করলে উদ্ধার অভিযান বন্ধ করা হয়।
এর আগে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা জানিয়েছিলেন, গাজীপুরের কড্ডাবাজার থেকে তৈরি একটি নতুন ট্রলার কুমিল্লার মুরাদনগরে নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকায় আসার পর ট্রলারের প্রপেলার আটকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি নদীতে ডুবে যায়।
মন্তব্যসমূহ