কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ নতুন পর্যায়ে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সফররত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হুংবোর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এক বিজ্ঞপ্তিতে জানান, বৈঠকে বাংলাদেশের শ্রম খাতের সংস্কার, শোভন কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
শামা ওবায়েদ বলেন, শ্রম খাতকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে।
তিনি শ্রম প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা এবং নিরাপদ ও দক্ষ শ্রম অভিবাসন নিশ্চিত করতে আইএলওর সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, শ্রম খাতে বাংলাদেশের অগ্রগতি আইএলওর আসন্ন গভর্নিং বডির অধিবেশনে যথাযথভাবে মূল্যায়িত হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে চলমান প্রক্রিয়াগুলো দ্রুত সমাধানের দিকে এগোবে।
বৈঠকে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হুংবো বাংলাদেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে সরকারের উদ্যোগ ও প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি শ্রম সংস্কার, শোভন কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইএলওর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
তিনি বলেন, শ্রম খাতে বাংলাদেশের অগ্রগতি অন্যান্য দেশের জন্যও একটি উদাহরণ হতে পারে।
বৈঠকে বাংলাদেশ ও আইএলওর মধ্যে বিদ্যমান অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
মন্তব্যসমূহ