ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসন্ন নির্বাচনে আবারও ক্ষমতায় ফিরলে দেশ ছাড়ার কথা ভাবছেন দেশটির প্রায় ২৩ শতাংশ নাগরিক। শনিবার (১৮ জুলাই) ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম চ্যানেল ১২-এর একটি জনমত জরিপের বরাতে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।
জরিপে দেখা গেছে, ৬৮ শতাংশ ইসরায়েলি জানিয়েছেন, তারা বর্তমানে দেশ ছাড়ার কোনো পরিকল্পনা করছেন না। আর কিছু উত্তরদাতা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।
নেতানিয়াহুর সম্ভাব্য নতুন শাসনকাল নিয়ে নাগরিকদের বড় একটি অংশের নেতিবাচক মনোভাব ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।
জনমত জরিপে আরও উঠে এসেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের সাম্প্রতিক একটি বিতর্কিত আইনের বিরোধিতা করেছেন প্রায় ৬৭ শতাংশ নাগরিক। ওই আইনের মাধ্যমে তাওরাত অধ্যয়নকারী কট্টরপন্থি ইহুদিদের সামরিক সেবা থেকে ছাড় পাওয়ার বিষয়টি আরও সুরক্ষিত করা হয়েছে বলে সমালোচনা রয়েছে।
জরিপ অনুযায়ী, মাত্র ২১ শতাংশ নাগরিক এই আইনের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যরা এ বিষয়ে কোনো মতামত দিতে চাননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামরিক সেবা, ধর্মীয় গোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অসন্তোষের কারণেই নাগরিকদের একাংশের মধ্যে দেশ ছাড়ার চিন্তা বাড়ছে।
সূত্র: মিডল ইস্ট আই
মন্তব্যসমূহ