ময়মনসিংহের নান্দাইলে মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে উজ্জ্বল মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার আচারগাঁও ইউনিয়নের গারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দ বাজারসংলগ্ন ওই এলাকায় দীর্ঘদিন ধরে উজ্জ্বল মিয়ার বাড়িতে মাদক বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, বিভিন্ন এলাকা থেকে মাদকসেবী ও ক্রেতারা নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতেন। এছাড়া সেখানে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগও রয়েছে।
স্থানীয়রা জানান, বহুবার সতর্ক করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় জুমার নামাজের পর শত শত মানুষ উজ্জ্বল মিয়ার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনার সময় বাড়ির লোকজন দ্রুত স্থান ত্যাগ করেন।
অভিযুক্তের প্রতিবেশী আমিনুল ইসলাম বলেন, জুমার নামাজের পর বিপুলসংখ্যক লোকজন বাড়িটিতে হামলা চালায়। পরে ভাঙচুরের পর কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তিনি ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করেছেন বলেও জানান।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং তথ্য পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।