আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার তার নিয়োগের ঘোষণা দেন।
রাবাব ফাতিমা একজন অভিজ্ঞ পেশাদার কূটনীতিক। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের হয়ে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন তিনি।
বর্তমানে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশগুলোর উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন রাবাব ফাতিমা।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক সিভিল সার্ভিসে রাবাব ফাতিমার ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
তার কর্মজীবনের অভিজ্ঞতার মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, অ্যাডভোকেসি, কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়ন।
আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হিসেবে তিনি কানাডার জর্জেট গ্যানিওনের স্থলাভিষিক্ত হবেন। গ্যানিওন এত দিন ইউএনএএমএর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
২০০২ সালে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালে তালেবান দেশটির ক্ষমতায় ফেরার পর থেকে মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয়, রাজনৈতিক সংলাপ এগিয়ে নেওয়া এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে মিশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইউএনএএমএর কার্যপদ্ধতি ও লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকলেও গত জুনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিশনটির মেয়াদ আরও এক বছরের জন্য নবায়ন করে।
রাবাব ফাতিমার এই নিয়োগ আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্যসমূহ