কুয়েত ও বাহরাইনে মার্কিন বাহিনীর রাডার, প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ‘অপারেশন লাইটনিং’ নামে পরিচালিত পাল্টা অভিযানের দশম ধাপের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে হামলার বিস্তারিত তুলে ধরা হয়।
ইরানের সেনাবাহিনীর দাবি, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতেও পৃথক হামলা চালানোর দাবি করেছে তেহরান। বিবৃতিতে বলা হয়, সেখানে মার্কিন বাহিনীর ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা, রাডার, সুপার হক রাডার এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসও কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে হামলার দাবি করে।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ওই ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর সি-র্যাম আগাম সতর্কীকরণ রাডার এবং মার্কিন সেনাদের অবস্থানস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মার্কিন বাহিনী কিংবা কুয়েত ও বাহরাইন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও তখন পর্যন্ত জানা যায়নি।
সূত্র : আল জাজিরা
মন্তব্যসমূহ