তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার সকালে উত্তরা, সায়েন্সল্যাব, মিরপুর-১০ ও ইসিবি চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। উত্তরা বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, মিরপুর-১০ গোলচত্বর ও ইসিবি চত্বরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।
অন্যদিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে সড়ক ছেড়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
শিক্ষার্থীরা সরে যাওয়ার পর সায়েন্সল্যাব, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে। এছাড়া ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান তারা।
মন্তব্যসমূহ