অবকাঠামোগত ত্রুটি সংশোধনের দাবি করে পুনরায় পরিদর্শনের আবেদন করেছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শনে পরিস্থিতি সন্তোষজনক পাওয়া গেলে হাসপাতালটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কি না, এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় শিশুর মৃত্যুর ঘটনায় সরকার কোনো পদক্ষেপ না নিলে সমালোচনার মুখে পড়ত। এ কারণেই ঘটনার পর হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামোগত ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ত্রুটি সংস্কারের কাজ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ পুনরায় পরিদর্শনের আবেদন করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিস্থিতি মূল্যায়ন করবেন। পরিদর্শনে সন্তোষজনক অগ্রগতি পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়ে তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বলে তিনি জেনেছেন। তবে এ ঘটনায় একটি মামলা বিচারাধীন থাকায় আদালত ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত হবে।
মন্ত্রী স্পষ্ট করেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো হাসপাতালটিকে কোনো চূড়ান্ত ছাড় দেয়নি। পুনঃপরিদর্শনের প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্যসমূহ