মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক হাজার ১০০টি ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা কাঁচাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে গোয়ালীমান্দ্রা কাঁচাবাজারের পশ্চিম পাশে মাসুদ সরদারের দোকানের ভাড়াকৃত একটি টেইলারি দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় চৌকির ওপর রাখা তোষকের নিচ থেকে এক হাজার ১০০টি ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে গোয়ালীমান্দ্রা বাজার থেকে একই গ্রামের আলাল ওরফে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।
উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্যসমূহ