সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে শক্তিশালী বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। মঙ্গলবার (৭ জুলাই) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর চলাকালেই এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দামেস্কের একটি বিলাসবহুল আন্তর্জাতিক হোটেলের কাছাকাছি এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ওই হোটেলেই ফরাসি প্রেসিডেন্ট আগের রাতে অবস্থান করেছিলেন বলে জানা গেছে।
অন্তত একটি বড় বিস্ফোরণের শব্দ শোনার পরপরই জরুরি চিকিৎসাসেবার কয়েকটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
বিস্ফোরণের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসে দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে ছিলেন।
২০২৪ সালে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের সরকারের পতনের পর ম্যাক্রোঁই প্রথম পশ্চিম ইউরোপীয় শীর্ষ নেতা হিসেবে সিরিয়া সফরে যান। তার এই সফরকে সিরিয়ার নতুন রাজনৈতিক বাস্তবতায় ইউরোপের কূটনৈতিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই
মন্তব্যসমূহ