মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএনপির এক নেতার বসতবাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে বারান্দায় রাখা ধান, মশারি ও তোশক পুড়ে যায়। আগুনের তাপে ওই নেতার বাবার পরনের গেঞ্জিতেও আগুন ধরে যায়। তবে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাড়িটি।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটি ধানকোড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মতিউর রহমানের। তিনি ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে মতিউর রহমানের বাবার চিৎকার শুনে তাঁদের ঘুম ভেঙে যায়। দ্রুত বাড়িতে গিয়ে দেখতে পান, ঘরের বারান্দায় রাখা ধানের গোলায় আগুন জ্বলছে। পরে পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে অংশ নেন।
সবার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর পুলিশকে খবর দেওয়া হলে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পুলিশ সদস্যরা।
বিএনপি নেতা মতিউর রহমান জানান, রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাবার চিৎকার শুনে বাইরে বেরিয়ে তিনি বারান্দায় আগুন জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়।
তিনি আরও জানান, আগুনে তাঁর বাবার পরনের গেঞ্জি পুড়ে যায়। পাশাপাশি বারান্দায় রাখা ধান, খাটের মশারি ও তোশকও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।














মন্তব্যসমূহ