রাজধানীর বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই অভিযানে আটক মনিরুল ইসলামের দুই শ্যালককেও ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে ডিবি।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মিরপুর ডিওএইচএস থেকে সায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে আটক করা হয়।
পরে তাঁদের বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিবিপ্রধান আরও জানান, মামলার তদন্তের স্বার্থে সায়লা ফারজানাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এ জন্য তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তবে আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে কি না কিংবা এ বিষয়ে কোনো আদেশ এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।














মন্তব্যসমূহ