গোপালগঞ্জে ডাকাতি, ছিনতাই, অগ্নিসংযোগ ও লুটপাটের কারণে মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন আর্থিক ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডের কারণে জেলার স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এসব অভিযোগ করেন তিনি।
রাশেদ খান অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও ডাকাতির কারণে পুলিশি ও আইনি সহায়তা, মোবাইল ব্যাংকিং, সাধারণ ব্যাংকিং, চিকিৎসাসেবা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। এসব সেবা চালু রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যবসায়ীদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।
তিনি দাবি করেন, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টরা দোকান খুললে অস্ত্রধারীরা এসে টাকা লুট করে নিয়ে যাচ্ছে। একই ধরনের নিরাপত্তাঝুঁকিতে রয়েছে ব্যাংকের শাখাগুলোও। এ ছাড়া দোকানপাট খোলা রাখলে ব্যবসায়ীদের কাছ থেকে মালামাল নিয়ে মূল্য পরিশোধ না করার অভিযোগও করেন তিনি।
রাশেদ খানের বক্তব্য অনুযায়ী, এসব ঘটনার কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের স্বাভাবিক সেবা দিতে পারছে না। পাশাপাশি থানা ও হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
পরিস্থিতি স্বাভাবিক করতে গোপালগঞ্জের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তাঁর মতে, সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের প্রতিহত করে আইনের আওতায় আনা না গেলে জেলার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা কঠিন হবে।
গোপালগঞ্জবাসীর উদ্দেশে রাশেদ খান বলেন, স্থানীয় জনগণকে সহযোগিতা করতে সরকার প্রস্তুত রয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাধারণ মানুষকেও ভূমিকা রাখতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, সরকারি অর্থ ব্যয় করে কোনো ক্ষতিগ্রস্ত স্থাপনা বা প্রতিষ্ঠান সংস্কারের পর সেটিতে আবারও অগ্নিসংযোগ করা হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে না।














মন্তব্যসমূহ