ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও পটুয়াখালীর কুয়াকাটায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী এবং কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাবেক নেতা মো. সাদ্দাম সিকদার (৩২)।
শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ পৌর শহরের জগথা এলাকার ‘জয় বাংলা’ নামের স্থান থেকে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক।
ওসি জানান, গত ১৫ আগস্ট কর্মসূচি পালন ও নাশকতার চেষ্টার অভিযোগে গোলাম রব্বানীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, রোববার (২৯ নভেম্বর) আদালতের মাধ্যমে গোলাম রব্বানীকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানোর কথা রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে পটুয়াখালীর কুয়াকাটায় অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক নেতা মো. সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা-পুলিশ।
শনিবার ভোররাতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাদ্দাম সিকদার ওই ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পশ্চিম কুয়াকাটা এলাকার লতিফ সিকদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে মহিপুর থানায় মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলা বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা হয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে মো. সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।’
গ্রেপ্তারের পর সাদ্দাম সিকদারকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি শামীম হাওলাদার।














মন্তব্যসমূহ