২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরের খাবার বা মিড ডে মিল কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এ কর্মসূচির আওতায় প্রায় এক কোটি ১০ লাখ শিশু প্রতিদিন পুষ্টিকর খাবার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি দূর করা, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়ানো এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের চার থেকে ১০ বছর বয়সী শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি জানান, বর্তমানে দেশের ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির সুবিধা পাচ্ছে। আগামী শিক্ষাবর্ষে কর্মসূচির পরিধি বাড়িয়ে দেশের সব উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ১০ লাখ শিশুকে এর আওতায় আনার লক্ষ্য রয়েছে।
তবে এই পরিকল্পনা বাস্তবায়নের বিস্তারিত সময়সূচি, অর্থায়ন ও খাবার সরবরাহের পদ্ধতি সম্পর্কে অনুষ্ঠানে আলাদা কোনো ঘোষণা দেওয়া হয়নি।
শিশুদের জন্য সরবরাহ করা খাবারের গুণগত মান নিশ্চিত করতে অভিভাবক, বিশেষ করে মায়েদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, বিদ্যালয়ে খাবার দেওয়ার পাশাপাশি তা কতটা স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর, সেদিকেও নজর দিতে হবে। স্থানীয় পর্যায়ে মায়েদের অংশগ্রহণে খাবারের মান তদারকি করা গেলে কর্মসূচি আরও কার্যকর হতে পারে।
বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাবও দেন তিনি।
ডা. জুবাইদা বলেন, স্থানীয়ভাবে পাওয়া শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত খাবার ব্যবহার করে শিশুদের জন্য পুষ্টিসমৃদ্ধ খাদ্যতালিকা তৈরি করা সম্ভব। এ ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ করা জরুরি।
রান্নাকে শুধু খাবার প্রস্তুতের কাজ নয়, বরং শিল্প, বিজ্ঞান ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে তুলে ধরেন তিনি।
তাঁর মতে, একটি দেশের খাবারের সঙ্গে মানুষের ইতিহাস, জীবনযাপন ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে। রন্ধনশিল্পে সৃজনশীলতা ও নতুনত্ব ধরে রাখার মাধ্যমে বাংলাদেশের খাবারকে আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত করা সম্ভব।
অনুষ্ঠানে নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেন ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, বাংলাদেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, আধুনিক সেচব্যবস্থা এবং কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করতে হবে।
ভিটামিনসমৃদ্ধ ধান, রোগ প্রতিরোধী আলু ও পোকা প্রতিরোধী বেগুন চাষের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
কৃষিজমির উৎপাদনশীলতা বাড়াতে খাল খনন, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা দূর করা এবং পতিত জমি চাষের আওতায় আনার ওপর গুরুত্ব দেন ডা. জুবাইদা।
তিনি বলেন, শুধু খাদ্যের উৎপাদন বাড়ালেই হবে না, মা ও শিশুদের জন্য নিরাপদ ও বৈচিত্র্যময় খাবার নিশ্চিত করাও জরুরি।
শিশুদের অপুষ্টি পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৫ দশমিক ১ শতাংশ খর্বতার শিকার। এই পরিস্থিতি মোকাবিলায় খাদ্যনিরাপত্তার পাশাপাশি পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রসঙ্গ তুলে ধরে ডা. জুবাইদা বলেন, ক্ষুধা দূর করা, শিশুদের অপুষ্টি কমানো, ক্ষুদ্র কৃষকদের সহায়তা এবং খাদ্যের অপচয় রোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় তৃণমূল পর্যায়ে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসম্মত রান্নার বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
এদিকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতায় জমা পড়া ৩০০টি রেসিপি থেকে নির্বাচিত পাঁচজনকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি। দ্বিতীয় হন আবু আব্দুলাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান অর্জন করেন রংপুরের সাজিয়া ফেরদৌস।
বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন ডা. জুবাইদা রহমান। পরে তিনি বিজয়ী ও অন্য প্রতিযোগীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর পরিকল্পনা বাস্তবায়িত হলে আরও বেশি শিশুর নিয়মিত পুষ্টিকর খাবার পাওয়ার সুযোগ তৈরি হবে।














মন্তব্যসমূহ