দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় থাকা দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল আগামী এক মাসের মধ্যে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রয়োজনীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা শুরু করা হবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতের জনবল সংকট দূর করতে ১০ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে আয়োজিত ‘ন্যাশনাল ভাস্কুলার ডে ২০২৬’ ও ‘হেলথ জার্নালিজম ওয়ার্কশপ’ উপলক্ষে গোলটেবিল আলোচনায় এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের বিভিন্ন স্থানে ট্রমা সেন্টার ও বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করা হলেও প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের অভাবে অনেক প্রতিষ্ঠান চালু করা সম্ভব হয়নি। এসব হাসপাতাল সচল করতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। প্রথম পর্যায়ে বিভিন্ন বিভাগে অবস্থিত পাঁচটি শিশু হাসপাতালের কার্যক্রম শুরু করা হবে।
চিকিৎসক সংকট নিরসনে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, মোট ১০ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এই ধাপ শেষ হওয়ার পর আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
সরকারি হাসপাতালে রোগীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কমাতে অনলাইনভিত্তিক চিকিৎসাসেবা ব্যবস্থাপনা সম্প্রসারণের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পরীক্ষামূলকভাবে অনলাইন টিকিট এবং নির্দিষ্ট সময় অনুযায়ী চিকিৎসাসেবা গ্রহণের ব্যবস্থা চালু করা হয়েছে।
আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে রাজধানীর আগারগাঁও এলাকার আরও পাঁচ থেকে ছয়টি বিশেষায়িত হাসপাতালে এ ব্যবস্থা পুরোপুরি চালু করার পরিকল্পনা রয়েছে।
নতুন ব্যবস্থায় রোগীরা অনলাইনে টিকিট সংগ্রহ করে নির্ধারিত সময়ে হাসপাতালে এসে চিকিৎসাসেবা নিতে পারবেন। এতে ভোররাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন কমবে। পাশাপাশি হাসপাতালকেন্দ্রিক দালালদের তৎপরতা নিয়ন্ত্রণেও এ উদ্যোগ কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসক, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেন ড. এম এ মুহিত। তিনি বলেন, চিকিৎসক ও রোগীর অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে একটি ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নের কাজ চলছে।
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার ঝুঁকি মোকাবিলায় চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রম হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর মাধ্যমে ভবিষ্যৎ চিকিৎসকদের এ বিষয়ে আরও কার্যকর প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে।
এ ছাড়া আগামী ১৩ ডিসেম্বর থেকে সারা দেশে নতুন পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরুর ঘোষণা দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে অব্যবহৃত হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা চালু হওয়ার পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবায় জনবল সংকট ও রোগীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।














মন্তব্যসমূহ