বাংলাদেশ দখল নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকানোর সাহস দেখাবেন না। দেশের বিরুদ্ধে যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার মন্তব্য করেন। তার ওই বক্তব্য ঘিরে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরলেন আইনমন্ত্রী।
আসাদুজ্জামান অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য উসকানি দিচ্ছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়ার পরও তার অনুসারীরা বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ক্ষমতায় ফেরার উদ্দেশ্যে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। তবে সরকার এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানকার সাধারণ মানুষ সহিংসতা ও জ্বালাও-পোড়াও সমর্থন করেন না। কিন্তু কিছু ব্যক্তি সাধারণ মানুষকে জিম্মি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, দেশে সংঘটিত প্রতিটি অপরাধ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য মানুষ জীবন দিয়েছে। সেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা তৎপরতা বরদাশত করা হবে না।
ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১৯৭১ সালে শহীদ ২৭ বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান।














মন্তব্যসমূহ