রাজধানীর প্রশাসনিক কেন্দ্র সচিবালয় স্থানান্তরের উদ্যোগে বড় অগ্রগতি এসেছে। শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন বাংলাদেশ সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সম্মতির পর বুধবার (২৫ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। নির্ধারিত দিনে ভিত্তিপ্রস্তর স্থাপনের সব প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়ার সই করা চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে আবদুল গনি রোডের বর্তমান অবস্থান থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন পায়। একই বৈঠকে বিজয় দিবসে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টি আলোচিত হয়। পরে প্রধানমন্ত্রীর অনুমোদন চাওয়া হলে তিনি সম্মতি দেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা। প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য সময়কাল চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।
বর্তমানে রাজধানীর আবদুল গনি রোডে প্রায় ১৭ দশমিক ৫৭ একর জায়গাজুড়ে বাংলাদেশ সচিবালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে মোট ১৩টি ভবন রয়েছে, যার আটটি স্বাধীনতার আগে নির্মিত। পুরোনো কয়েকটি ভবন ১৯৩৭ থেকে ১৯৩৯ সালের মধ্যে নির্মাণ করা হয়। অন্যদিকে ৫ নম্বর ভবনটি নির্মিত হয় ১৯৪৭ সালে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, পুরোনো ভবনগুলোর নির্মাণকালে আধুনিক ভূমিকম্প সহনশীলতার মানদণ্ড অনুসরণ করা হয়নি। ফলে ভূমিকম্পপ্রবণ রাজধানীতে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর পরিচালনার ক্ষেত্রে এসব ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।
এ ছাড়া বিদ্যমান সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যাপ্ত জায়গা ও প্রয়োজনীয় সুবিধার ঘাটতি রয়েছে। কর্মপরিবেশ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা এবং অফিসের স্থানসংকটের কারণে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা তৈরি হচ্ছে।
বর্তমান সচিবালয়ে প্রায় ১৮ লাখ ৭৬ হাজার বর্গফুট অফিস স্পেস রয়েছে। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সম্প্রসারণ এবং সচিবালয়ের বাইরে থাকা সরকারি দপ্তরগুলোকে এক জায়গায় আনার জন্য আরও ১০ লাখ বর্গফুটের বেশি জায়গা প্রয়োজন বলে প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
এসব সীমাবদ্ধতা দূর করে আধুনিক ও নিরাপদ প্রশাসনিক অবকাঠামো গড়ে তুলতেই শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।














মন্তব্যসমূহ