গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তা নবায়নের উদ্যোগ নিতে ভারত সরকারকে দুটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত কোনো চিঠিরই জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ায় বিষয়টি সমাধানে ভারতের ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করছে সরকার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী জানান, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। তিনি নিজেও ব্যক্তিগতভাবে একটি চিঠি দিয়েছেন। কিন্তু কোনো চিঠিরই উত্তর আসেনি। বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে এ্যানি বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। প্রতিবেশী দেশ হিসেবে ভারত পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠনের কথাও জানান পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, ভারতের জবাবের অপেক্ষায় বসে না থেকে দেশের পানিসম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করছে।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন, পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প এবং কৃষি উৎপাদন ও পানিসম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা। এসব প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান তিনি।
আগের আওয়ামী লীগ সরকারের সময়ের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বা কোনো বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক পরিচালিত হওয়া উচিত নয়। দুই দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এ্যানি। সীমান্তে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অবন্ধুত্বপূর্ণ আচরণ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো তৎপরতা মেনে নেওয়া হবে না।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী জানান, ইতোমধ্যে তার সঙ্গে আলোচনা হয়েছে এবং তাকে আমন্ত্রণও জানানো হয়েছে। বৈঠকে বিভিন্ন বিষয়ে আশ্বাস পাওয়া গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।
তবে ভারত সরকার গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন পানিসম্পদমন্ত্রী।














মন্তব্যসমূহ