বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়ে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
বুধবার (১৮ নভেম্বর) কলম্বোর প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটে দিসানায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রটি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের হাতে তুলে দেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারেক রহমানের আমন্ত্রণ আন্তরিকভাবে গ্রহণ করেছেন দিসানায়েকে। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের বিষয়ে তার আগ্রহের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাক্ষাৎকালে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। সেই ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আগ্রহী বলেও জানান তিনি।
বৈঠকে শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচন ও জনকল্যাণে প্রেসিডেন্ট দিসানায়েকের নেওয়া বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশেষ করে ‘ক্লিন শ্রীলঙ্কা’ এবং ‘প্রজা শক্তি’ কর্মসূচির কথা উল্লেখ করে তিনি এসব উদ্যোগের ইতিবাচক দিক তুলে ধরেন।
এ সময় বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি সম্পর্কেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন হুমায়ুন কবির। তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং আড়াই কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে মোট বিদ্যুতের ২০ শতাংশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সরকারের সামাজিক সুরক্ষা ও কৃষি সহায়তামূলক উদ্যোগের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির বিষয়েও দিসানায়েকেকে ধারণা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন হুমায়ুন কবির। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশাও তুলে ধরা হয় বৈঠকে।














মন্তব্যসমূহ