ইরানকে ঘিরে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যে সৌদি আরবের ‘ভেঙে পড়া’র প্রসঙ্গ উঠে এসেছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার না করতে তাকে অনুরোধ জানিয়েছে সৌদি আরবসহ কয়েকটি উপসাগরীয় দেশ।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ব্যক্তিত্ব স্টিফেন এ স্মিথকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং উপসাগরীয় দেশগুলোর অবস্থান নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি।
ট্রাম্পের দাবি, তিনি চাইলে মাত্র তিন দিনের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিতে পারেন। এর মধ্যে দেশটির জ্বালানি স্থাপনা, সেতু এবং শিল্প উৎপাদন সক্ষমতাকে লক্ষ্যবস্তু করার কথা উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, প্রথম দিনে ইরানের জ্বালানি অবকাঠামো, দ্বিতীয় দিনে সেতু এবং তৃতীয় দিনে উৎপাদন সক্ষমতা ধ্বংস করা সম্ভব।
তবে এত বড় সামরিক অভিযানের পথে এখনই হাঁটছেন না মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, সৌদি আরবসহ কয়েকটি আঞ্চলিক মিত্র তাকে সামরিক অভিযান সম্প্রসারণ না করার অনুরোধ জানিয়েছে।
ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে বলেছে, পরিস্থিতি এখন যেমন আছে, আপাতত তেমনই থাকতে দিন। কারণ, তারা ভেঙে পড়ছে।’
কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের নাম উল্লেখ করে তিনি দাবি করেন, এসব দেশও বর্তমান পরিস্থিতি কিছুদিন বজায় রাখার পক্ষে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সংঘাতের সময় উপসাগরীয় কয়েকটি দেশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। বিশেষ করে ছোট দেশগুলোর অবকাঠামো ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এর প্রভাব পড়েছে।
সৌদি আরব প্রথম দিকে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পারলেও পরবর্তী সময়ে ইয়েমেনের হুতিদের হামলার ঝুঁকি বেড়েছে। গত গ্রীষ্মে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং ইরান-সমর্থিত হুতিদের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নতুন করে সংঘাত তীব্র হয়।
এরপর সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা শুরু করে হুতিরা। এতে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হচ্ছে।
বিশেষ করে তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করার পরিকল্পনার আওতায় আয়োজিত কয়েকটি গুরুত্বপূর্ণ সম্মেলন বাতিল করতে হয়েছে। জ্বালানি সরবরাহ ও রপ্তানি কার্যক্রমেও বিঘ্ন দেখা দিয়েছে।
এর আগেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিজের সম্পর্ক ও প্রভাব নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। গত মার্চে ইরানকে ঘিরে সংঘাত বেড়ে যাওয়ার সময় তিনি দাবি করেছিলেন, সৌদি যুবরাজ এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা ভাবেননি।
অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর সৌদি আরবের দীর্ঘদিনের নির্ভরতা রয়েছে।
সাক্ষাৎকারে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন ট্রাম্প। তার দাবি, এসব দেশ যুক্তরাষ্ট্রে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ বিনিয়োগ করছে।
দুই দেশের সামরিক সম্পর্কের অংশ হিসেবে গত সেপ্টেম্বরে সৌদি আরবের কাছে সর্বোচ্চ ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। সম্ভাব্য এই চুক্তির মূল্য প্রায় ২৪ বিলিয়ন ডলার।
এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু না করে অর্থনৈতিক চাপ বাড়ানোর নীতি অনুসরণ করছে ওয়াশিংটন। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে ইরানের তেল পরিবহন বাধাগ্রস্ত করার কৌশলকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি সপ্তাহের শুরুতে দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে নিয়মিত তেল পরিবহনে যে বাধা তৈরি হয়েছে, তা মূলত ইরানের ওপর প্রভাব ফেলছে। তার মতে, দেশটির ওপর অর্থনৈতিক চাপ ইতিমধ্যে উল্লেখযোগ্য ফল দিচ্ছে।
এ কারণে আপাতত আরও বড় সামরিক অভিযানের প্রয়োজন দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট।
তবে ইরান যুদ্ধ ঘিরে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর অবস্থান সম্পর্কে ট্রাম্পের সর্বশেষ বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সামরিক অভিযান সীমিত রাখতে আঞ্চলিক মিত্রদের অনুরোধের দাবি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কূটনৈতিক দিকটিকে সামনে এনেছে।
সূত্র : মিডল ইস্ট আই।














মন্তব্যসমূহ