আবাসন সংকট ও বাড়িভাড়ার লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে পর্তুগালের কয়েক ডজন শহরে বিক্ষোভ করেছেন হাজারো নাগরিক। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এসব সমাবেশ থেকে বাড়িভাড়া নিয়ন্ত্রণ, ভাড়াটিয়াদের অন্যায্য উচ্ছেদ থেকে সুরক্ষা এবং সরকারি উদ্যোগে আরও আবাসন নির্মাণের জোর দাবি জানানো হয়েছে।
ইউরোপীয় সংবাদমাধ্যম ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
‘এখানে বসবাসের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না’—এই স্লোগানে রাজধানী লিসবন, পোর্তোসহ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের আয় না বাড়লেও আবাসন ব্যয় লাগামহীনভাবে বেড়েই চলেছে। সমাবেশ থেকে বাড়ির মালিকদের ইচ্ছেমতো ভাড়া বাড়ানোর সুযোগ সীমিত করা এবং আবাসন খাতে জল্পনামূলক (স্পেকুলেটিভ) বিনিয়োগ বন্ধের দাবি জানানো হয়।
পোর্তোর বিক্ষোভে আবাসন অধিকার আন্দোলন ‘কাসা পারা ভিভের’-এর প্রতিনিধি রাকেল ফেরেইরা বলেন, আমাদের বসবাসের জন্য বাড়ি প্রয়োজন, জল্পনামূলক ব্যবসার জন্য নয়। সরকারি আবাসন নির্মাণ করতে হবে এবং বাড়িভাড়া কমাতে হবে।
বিক্ষোভের মূল কেন্দ্রে রয়েছে সরকারের সম্প্রতি গৃহীত একটি নতুন আবাসন বিল। ওই বিলে বাড়ির মালিকদের জন্য ভাড়াটিয়াদের উচ্ছেদ প্রক্রিয়া সহজ ও দ্রুত করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি বাড়িভাড়ার সর্বোচ্চ সীমা তুলে দেওয়া, অগ্রিম জামানত ও ভাড়া বেশি নেওয়ার সুযোগ এবং ১৯৯০ সালের আগের ভাড়ার চুক্তির নিয়ম পরিবর্তনের কথাও বলা হয়েছে।
সরকারের দাবি, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ভাড়ার বাজারে আরও বেশি বাড়ি আসবে। তবে বিরোধী বামপন্থি ব্লকের সমন্বয়ক হোসে ম্যানুয়েল পুরেজা বিলটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আন্দোলনকারীদের আশঙ্কা, নতুন এই বিল কার্যকর হলে ভাড়াটিয়ারা আরও বেশি অনিরাপদ হয়ে পড়বেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে পর্তুগালে মানুষের আয়ের তুলনায় আবাসন ব্যয় বেড়েছে ৬০ দশমিক ৮ শতাংশ। আর ২০২০ সালের পর থেকে দেশটিতে বাড়িভাড়া বেড়েছে ৬৮ শতাংশ। বিশেষ করে লিসবন ও পোর্তো শহরে সাধারণ মানুষের জন্য বাসা ভাড়া নিয়ে টিকে থাকা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, পর্যটনের ব্যাপক বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ, ‘গোল্ডেন ভিসা’ কর্মসূচি এবং স্থানীয়দের বদলে পর্যটকদের জন্য স্বল্পমেয়াদি ভাড়ায় বাসা ব্যবহারের প্রবণতাই এই তীব্র সংকটের অন্যতম কারণ। এর প্রেক্ষিতে আন্দোলনকারীরা গোল্ডেন ভিসা ও ডিজিটাল যাযাবরদের (ডিজিটাল নোম্যাড) জন্য দেওয়া বিশেষ সুবিধা বন্ধ এবং আবাসন বিনিয়োগ তহবিলের কর ছাড় প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, সংকট নিরসনে পর্তুগাল সরকার নতুন বাড়ি নির্মাণে কর কমানো এবং দেশে ১ লাখ ৪৫ হাজার নতুন আবাসন তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। তবে এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সময় লাগবে বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ।














মন্তব্যসমূহ