ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্তত ৪ লাখ ৫০ হাজার নাগরিক নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশই দেশটির সামরিক বাহিনীর সদস্য। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’-এর ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) এ তথ্য জানিয়েছে। গত আগস্ট পর্যন্ত সময়ের হিসাব ধরে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে চার হাজারের বেশি বিদেশি নাগরিকও রয়েছেন। তাঁদের মধ্যে উজবেকিস্তান, তাজিকিস্তান, নেপাল, কলম্বিয়া ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন, যাঁরা রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, গত ১ নভেম্বর বেলারুশের ‘সাইবার পার্টিজানস’ ও ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’ নামের দুটি হ্যাকার গোষ্ঠী রসস্ট্যাটের নেটওয়ার্কে প্রবেশের দাবি করে এসব গোপন নথি প্রকাশ করে এবং পরবর্তীতে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তথ্যগুলো সরবরাহ করে। অন্যদিকে রসস্ট্যাট জানিয়েছে, গত ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে তাদের ওপর সাইবার হামলা হয়েছিল। তবে সংস্থাটির দাবি, তাদের তথ্যভান্ডার থেকে কোনো সুরক্ষিত তথ্য চুরি বা ফাঁস হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।
ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে বলা হয়েছে, মৃত্যুর তথ্য সরকারিভাবে নিবন্ধনে কয়েক মাস এমনকি কয়েক বছরও সময় লেগে যায়। বিলম্বে নিবন্ধিত মৃত্যুর হিসাব যুক্ত হলে গত আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৫ লাখ ৫০ হাজারে পৌঁছাতে পারে। ফাঁস হওয়া নথিতে প্রায় ৪ লাখ ১০ হাজার মৃত্যুকে সরাসরি যুদ্ধসংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া যুদ্ধে অংশ নেওয়ার বয়সী আরও ৪২ হাজার পুরুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যাঁদের মরদেহ উদ্ধার না হলেও আদালতের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সম্মুখযুদ্ধের এলাকায় বা এর কাছাকাছি নিহত আরও ১২ হাজার ব্যক্তির তথ্য মিলেছে।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি রুশ সেনার প্রাণহানি ঘটেছে ইউক্রেনের আভদিভকা ও পোকরভস্ক অঞ্চল ঘিরে; যেখানে প্রায় ১ লাখ ২০ হাজার সেনা নিহত হয়েছেন। এছাড়া বাখমুত এলাকায় নিহত হয়েছেন আরও প্রায় ৪৮ হাজার। উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে বাখমুত, ২০২৪ সালে আভদিভকা এবং দীর্ঘ লড়াইয়ের পর ২০২৬ সালের শুরুতে দোনেৎস্ক অঞ্চলের কয়লাখনিসমৃদ্ধ শহর পোকরভস্ক দখল করে রুশ বাহিনী।
নথি বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধে নিহত রুশ সেনাদের গড় বয়সও বেড়েছে। যুদ্ধের প্রথম বছরে নিহতদের গড় বয়স ৩৪ বছর থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ৪০ বছরে দাঁড়ায়। নিহতদের মধ্যে ৩৫ থেকে ৪৪ বছর বয়সী পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি (প্রায় ১ লাখ ৫৮ হাজার)। এছাড়া রাশিয়ার অপেক্ষাকৃত দরিদ্র ও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে প্রাণহানির হার তুলনামূলক বেশি। সাইবেরিয়ার জাবাইকালস্কি অঞ্চলে প্রায় ১২ হাজার ৩০০ জন (যা অঞ্চলটির প্রতি ৮০ জনে একজনের মৃত্যুর সমান) এবং বাশকোর্তোস্তান অঞ্চলে প্রায় ১৫ হাজার ৮০০ জন নিহত হয়েছেন।
ফিন্যান্সিয়াল টাইমসের হিসাবে, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে বিদেশি নাগরিকত্বধারী অন্তত ৪ হাজার ১৪১ জন প্রাণ হারিয়েছেন। তবে ব্লুমবার্গের হিসাবে, রাশিয়ার বাইরে জন্ম নেওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করলে এ সংখ্যা দাঁড়ায় ১১ হাজার ৩৩৫ জনে। নিহত বিদেশিদের মধ্যে উজবেকিস্তানের ৮০৭ জন, তাজিকিস্তানের ৫৯৮ জন, কলম্বিয়ার ৯৮ জন, নেপালের ৪৪ জন এবং আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ৩৪০ জন নাগরিক রয়েছেন।
বিদেশিদের রুশ বাহিনীতে যোগ দেওয়ার পেছনে অর্থের প্রলোভন বড় ভূমিকা রাখছে বলে উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে। সংস্থাটির তথ্যমতে, ব্রাজিল, কলম্বিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের ভালো বেতনের বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। কেনিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, দেশটির এক হাজারের বেশি নাগরিককে মাসে প্রায় ২ হাজার ৭১৫ ডলার বেতন ও সর্বোচ্চ ৯ হাজার ৩০৯ ডলার বোনাসের প্রতিশ্রুতি দিয়ে রুশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ইউক্রেনে যুদ্ধ করতে কাউকে জোর করা হচ্ছে না বলে দাবি করে আসছে মস্কো।
সূত্র: আল জাজিরা














মন্তব্যসমূহ