যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এবার সংগঠনটির রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে হামাস। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সামির আবু ইউনুসের আগে হামাসের রাফাহ ব্রিগেডের দায়িত্বে ছিলেন নায়েল আবু ওবেইদ। ‘আবু আতিয়া’ নামে পরিচিত ওই কমান্ডার ২০২৬ সালের সেপ্টেম্বরে ইসরাইলি হামলায় নিহত হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন সামির আবু ইউনুস। মাত্র দুই মাসের ব্যবধানে রাফাহ ব্রিগেডের দ্বিতীয় শীর্ষ কমান্ডার হারাল সংগঠনটি।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান ও সামরিক হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, ওই হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া আরও কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে হাসপাতালটিতে চালানো ওই হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ ছয়জন নিহত হন।
নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে হামাস। সংগঠনটির দাবি, হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরাইলের বক্তব্য বেসামরিক চিকিৎসাকেন্দ্রে নতুন করে সংঘটিত যুদ্ধাপরাধ আড়াল করার নির্লজ্জ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র সুরক্ষিত স্থাপনা হিসেবে বিবেচিত।
এর আগে এক বিবৃতিতে হামাস বলেছিল, দখলদার ইসরাইলি বাহিনীর চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে এবং চুক্তি মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী দেশগুলো ও যুক্তরাষ্ট্রের প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এদিকে, গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা














মন্তব্যসমূহ