প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগানকে ‘হাদিস’ ও ‘শাশ্বত বাণী’ হিসেবে উল্লেখ করে বিতর্কের মুখে পড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর ঢাকায় ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি সেটিকে হাদিসের সঙ্গে তুলনা করেন।
মসিউর রহমান বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ’ এই ধারণাকে কেউ অস্বীকার করতে পারবেন না। এরপর প্রধানমন্ত্রীর স্লোগানটিকে ‘হাদিস’ ও শাশ্বত বাণী হিসেবে উল্লেখ করেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে তিনি আরও মন্তব্য করেন, হুজুররা একই কথা বললে তা হাদিস হয়ে যেত। কিন্তু তাঁর মুখে দাড়ি নেই এবং তিনি টুপি পরেন না বলেই সেটি হাদিস হয়নি।
রাজনৈতিক স্লোগানকে ধর্মীয় হাদিসের সঙ্গে তুলনা করার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
বিতর্কিত ওই বক্তব্যের দুই দিনের মাথায় মসিউর রহমানকে ডিটিসিএর নির্বাহী পরিচালকের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। তবে সরকারি প্রজ্ঞাপনে তাঁকে সরানোর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
মন্তব্যসমূহ