রাজধানীর কদমতলী থানাধীন মাতুয়াইল মাতৃ ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পাশে পার্কিং করা অবস্থায় ‘শ্রাবণ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব কুমার বারৈ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালের পাশের রাস্তায় পার্কিং করা শ্রাবণ পরিবহনের বাসটিতে আকস্মিক আগুন লাগার খবর পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাসের বড় একটি অংশ আগুনে পুড়ে গেছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, বাসের চালক ও হেলপারের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে বাসটি ওই স্থানে পার্ক করে রেখে তারা পার্শ্ববর্তী একটি হোটেলে রাতের খাবার খেতে যান। এর প্রায় ২০ মিনিট পর খাবার শেষে ফিরে এসে তারা দেখেন পুরো বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।
তবে রাতের আঁধারে ঠিক কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি কোনো পূর্বশত্রুতা নাকি উদ্দেশ্যপ্রণোদিত নাশকতা, তা খতিয়ে দেখতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ আইনি তদন্ত শুরু করেছে পুলিশ।
মন্তব্যসমূহ