ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, যানজটে নাকাল যাত্রীরা

- আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 5
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শিল্পাঞ্চলে বিশেষ ছুটি দেওয়ায় রাজধানী ছাড়ছেন বিপুলসংখ্যক মানুষ। এর প্রভাব পড়েছে ঢাকা ও আশপাশের মহাসড়কে। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সড়কে তীব্র যানজট, বাস সংকট এবং অতিরিক্ত ভাড়ার অভিযোগে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক অংশে ধীরগতির যান চলাচল দেখা যায়। আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। কলেজগেট ও গাজীপুরা এলাকায় যানজট আরও ঘনীভূত হয়ে পড়ে। রাস্তার পাশের বাসস্ট্যান্ডগুলোতে শত শত যাত্রীকে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
যাত্রীদের অভিযোগ, পরিবহন সংকটকে কাজে লাগিয়ে কিছু বাস মালিক ও কর্মীরা ভাড়া কয়েকগুণ বাড়িয়ে আদায় করছেন। ঢাকা থেকে ময়মনসিংহ রুটে সাধারণ সময়ে যেখানে ২০০ থেকে ২৫০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে অনেক জায়গায় ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। বাস না পেয়ে অনেকে বাধ্য হয়ে ট্রাকে উঠছেন বলেও জানান যাত্রীরা। ট্রাকে জনপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
এদিকে, যাত্রীরা আরও অভিযোগ করেছেন, কিছু আন্তঃজেলা ও লোকাল বাস স্বাভাবিক রুট ছেড়ে বেশি আয়ের আশায় একাধিক ট্রিপ দিচ্ছে। এতে নিয়মিত রুটের যাত্রীরা বাস সংকটে আরও বেশি বিপাকে পড়ছেন এবং সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
অন্যদিকে নির্বাচন উপলক্ষে সরকার সাধারণ ও বিশেষ ছুটি ঘোষণা করেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সাধারণ ছুটি আগেই ঘোষণা করা ছিল। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।




























