ফের বাবা–মা হচ্ছেন শাকিব–বুবলি? গুঞ্জন নাকি সত্যি?

- আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 37
ঢালিউডে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। শোবিজ অঙ্গনে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে—এই তারকা জুটি নাকি আবার বাবা–মা হতে চলেছেন।
বিনোদন সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, প্রথম সন্তান শেহজাদ খানের পর এবার তাদের পরিবারে নতুন অতিথি আসার প্রস্তুতি চলছে। বলা হচ্ছে, বুবলী বর্তমানে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং এই সময়টাতে শুটিংয়ের কাজ থেকে নিজেকে অনেকটাই দূরে রেখেছেন।
গত বছরের শেষ দিকে সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটান বুবলী। সে সময় শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়। এরপরই ধীরে ধীরে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা এখন বিনোদন মহলে বেশ জোরালোভাবে আলোচিত হচ্ছে।
এই কারণেই নাকি ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার দ্বিতীয় ধাপের শুটিংয়ে অংশ নিচ্ছেন না বুবলী। যদিও প্রথম লটে আদর আজাদের বিপরীতে কয়েকদিন শুটিং করেছিলেন তিনি। সংশ্লিষ্টদের মতে, ঝুঁকি এড়াতেই আপাতত ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না অভিনেত্রী।
তবে শোনা যাচ্ছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি আউটলেট উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বুবলী। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হলে বিষয়টি নিয়ে তিনি নিজেই কিছু বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আরও একটি গুঞ্জন রয়েছে—প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তান জন্মের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকেই বেছে নিতে পারেন বুবলী এবং সে উদ্দেশ্যে শিগগিরই বিদেশে পাড়ি জমাতে পারেন তিনি।
উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রেই প্রথম সন্তানের জন্ম দেন বুবলী। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের মাধ্যমে বিষয়টি সামনে আনেন তিনি। বর্তমানে এই অভিনেত্রীর অভিনীত ‘পিনিক’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সর্বশেষ তাকে ‘জংলি’ সিনেমায় দেখা গেছে।





























