ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, কাল কে কোথায় ভোট দেবেন?

- আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 9
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের মতো শোবিজ অঙ্গনেও বইছে নির্বাচনের হাওয়া। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, শুটিং ও ব্যক্তিগত কারণে দেশের বাইরে থাকায় এবার ভোট দিতে পারছেন না ঢাকাই সিনেমার শীর্ষ দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভ।
ঢাকা-১৭ আসনের ভোটার শাকিব খান বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ভারতে অবস্থান করছেন। বিগত নির্বাচনগুলোতে তিনি গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিলেও, এবার ইচ্ছা থাকলেও ভোটকেন্দ্রে যাওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
অন্যদিকে, ঢাকা-১১ আসনের ভোটার চিত্রনায়ক আরিফিন শুভ যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তিনিও এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। একইভাবে ঢাকা-১৭ আসনের আরেক ভোটার অভিনেত্রী জয়া আহসানও দেশের বাইরে রয়েছেন; তিনি ভোটের আগে দেশে ফিরবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
তবে শাকিব-শুভসহ কয়েকজন তারকা ভোট দিতে না পারলেও অন্য অনেকেই নির্বাচনী দিনে নিজেদের নাগরিক দায়িত্ব পালনে প্রস্তুত। জানা গেছে, অভিনেতা মিশা সওদাগর ও চিত্রনায়িকা পূর্ণিমা দুজনই ঢাকা-১৮ আসনের ভোটার। চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা হিসেবে এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনে ভোট দেবেন।
এ ছাড়া রাজধানীর রাজারবাগ এলাকার বাসিন্দা চিত্রনায়ক সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনে, অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনে এবং চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।
নির্বাচনী আমেজে তারকারাও নিজেদের অবস্থান থেকে ভোটের গুরুত্ব তুলে ধরছেন এবং ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।





























