স্বতন্ত্র প্রার্থীর নাম ব্যবহার করে সাড়ে ১০ লাখ টাকা, মাইক্রোবাস জব্দ

- আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 8
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে প্রায় সাড়ে ১০ লাখ টাকা ও একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ গাড়িটি জব্দ করা হয়।
পরে রাত দেড়টার দিকে জব্দকৃত অর্থ ও মাইক্রোবাস চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া অর্থ এক স্বতন্ত্র প্রার্থীর বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই করছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, টাকা জব্দের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি নগদ অর্থ গুনছেন, আর তাকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে প্রার্থী মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’ বলে পরিচয় দেন।
চট্টগ্রাম-১৪ আসনে মিজানুল হক চৌধুরী ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান জানান, সেনাবাহিনী জব্দ করা অর্থ ও মাইক্রোবাস থানায় হস্তান্তর করেছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিষয়টি তদন্তাধীন রয়েছে। সত্যতা যাচাই শেষে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























