ড্রামার স্লাই ডানবার মারা গেছেন

- আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 17
বিশ্বসংগীতে নেমে এলো শোকের ছায়া। জ্যামাইকান সংগীতের কিংবদন্তি ড্রামার ও বিশ্বখ্যাত সংগীত প্রযোজক লওয়েল “স্লাই” ডানবার আর নেই। সোমবার (২৬ জানুয়ারি) সকালেই নিজ বাড়িতে তিনি মারা যান; বয়স হয়েছিল ৭৩ বছর। তার স্ত্রী থেলমা ডানবারের বরাতে জ্যামাইকার সংবাদপত্র দ্য গ্লিনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, সোমবার সকালে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং চিকিৎসকরা পরে তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানানো হয়নি; তবে তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্লাই ডানবার ছিলেন কিংবদন্তিতুল্য জুটি ‘স্লাই অ্যান্ড রবি’র (Sly & Robbie) এক অংশ, যাদের ড্রামিং ও প্রোডাকশন স্টাইল জ্যামাইকার রেগে-ডান্সহলের গণ্ডি পেরিয়ে বিশ্বসংগীতে গভীর প্রভাব ফেলেছে। ক্যারিয়ারে তিনি বব মার্লে, বব ডিলান, গ্রেস জোনসসহ বহু আন্তর্জাতিক তারকার সঙ্গে কাজ করেছেন।





























